অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়াল। ২০২৫ সালের ৪ জুন বিয়ে করেন তাঁরা। তবে তাঁদের বিয়ের সিদ্ধান্তটি ছিল বেশ আকস্মিক। এমনকি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে ১৫ মিনিটও লাগেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ে ও সেই সময়ের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন হিনা।
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার নতুন শোতে অতিথি হয়ে এসেছিলেন হিনা। সেখানে বিয়ের দিনের একটি ছবি দেখিয়ে সানিয়া জানতে চান, সেই বিশেষ মুহূর্তের কথা মনে করে কী অনুভব করেন তিনি। উত্তরে হিনা জানান, বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না তাঁদের; বরং নিজের শারীরিক অবস্থার অনিশ্চয়তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
হিনা বলেন, ‘এটা ছিল একেবারেই আকস্মিক সিদ্ধান্ত। আমরা বিয়ের পরিকল্পনা করিনি। আমার মনে হয় না, তখন আমরা বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, ১০ বছরের বেশি। এখন তো ১৩-১৪ বছর হয়ে গেছে। আমার স্বাস্থ্যের যে পরিস্থিতি ছিল, তখন আমি ওকে বলেছিলাম, হয় তুমি সামনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকেই বিয়ে করো। কারণ, আগামীকাল কী হবে, আমি জানি না।’
সানিয়া তখন জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটের মধ্যে বিয়ে করেছিলেন তাঁরা? হিনা জানান, সময় লেগেছিল তারও কম। অভিনেত্রীর ভাষ্য, ‘আসলে অনিশ্চয়তাই ছিল এর প্রধান কারণ। আমি জানতাম না সামনে কী ঘটতে যাচ্ছে। সত্যি বলতে, এমন অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো, বিয়েটা করে ফেলি। ও বলেছিল, ঠিক আছে। বিয়ে নিয়ে ওর কখনো কোনো আপত্তি ছিল না।’
২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার মধ্যেই ২০২৫ সালের জুনে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি ও রকি। মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা।
যেভাবে প্রেম, যেভাবে বিয়ে
হিনা ও রকির পরিচয় জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। ধারাবাহিকটিতে অক্ষরা চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে রকি ছিলেন প্রযোজনা দলের সদস্য। কাজের সূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব। একসময় সেই বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা।
এরপর দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন এই জুটি। বিশেষ করে স্তন ক্যানসারের সঙ্গে হিনার লড়াইয়ের সময় রকিকে পাশে পেয়েছেন তিনি।
বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, ‘আমরা দুজন এসেছি দুটি ভিন্ন জগৎ থেকে, কিন্তু গড়ে তুলেছি ভালোবাসার এক নিজস্ব পৃথিবী। আমাদের পার্থক্যগুলো মুছে গেছে, হৃদয় মিশে গেছে একে অপরের সঙ্গে। তৈরি হয়েছে এমন এক বন্ধন, যা টিকে থাকবে বহু জন্ম। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে চিরদিনের জন্য এক হলাম। স্বামী-স্ত্রী হিসেবে সবার আশীর্বাদ ও শুভকামনা চাই।’
হিন্দুস্তান টাইমস অবলম্বনে
Views: 8
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 





















