স্টাফ রিপোর্টার : সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক ভাবে খারাপ হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ভর্তি পরীক্ষার কমিটির সভায় চূড়ান্ত হতে পারে এই সিদ্ধান্তটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন।
যোগ্যতা শিথিলের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ভর্তি পরীক্ষার উপকমিটির সভায় যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না। আগামীকাল ভর্তি পরীক্ষার কমিটির সভা রয়েছে দুপুর ১২টায়। সেখানে চূড়ান্ত হতে পারে এই সিদ্ধান্তটি।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৭.০০। অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। যা গত বছরে ছিল মোট জিপিএ ৭.৫০।
তবে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ‘বি’ ইউনিটের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে।
এদিকে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার উপকমিটির সিদ্ধান্ত বহাল রেখেছে ভর্তি কমিটি। সে অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু হবে।
Views: 6
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 





















