স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় চলমান চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন দুটি প্যাকেজের চারটি সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কগুলোর নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
ভবানীগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় IUGIP/BHAW/UT+DR/02/2023 এবং IUGIP/BHAW/UT+DR/03/2023 প্যাকেজের অধীনে এসব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় চারটি সড়কে মোট ২ হাজার ৬০০ মিটার আরসিসি, ৫ হাজার ৪৪২ মিটার বিটুমিনাস কার্পেটিং এবং ১২০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
পরিদর্শনকালে পৌর প্রশাসক মিজানুর রহমান সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের প্রতিনিধিদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। পাশাপাশি নির্ধারিত মান বজায় রেখে যথাযথভাবে উন্নয়নকাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে ভবানীগঞ্জ পৌর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি জনসাধারণের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন নাগরিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে।
Views: 30
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 




















