মো. আবদুল কাদের, লক্ষ্মীপুর : গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন করে চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, বিরোধী দল সংসদে এক ধরনের বক্তব্য দিলেও বাইরে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলছে। বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ৫ আগস্ট পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান বিরোধী দলের কথাবার্তা ও কর্মকাণ্ডের মিল রয়েছে। দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে এ্যানি বলেন, আগামী দিনেও রাজপথে থেকেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অনেকে উপস্থিত ছিলেন।
Post Views: 2
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 



















